আজ শনিবার, অক্টোবর ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

কোনো কোনো মহল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের দাবি ঘিরে তাঁর পক্ষে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বায়তুল মোকাররমের খতিবকে অপসারণের চেষ্টার পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে। এ সময় তারা ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, মুফতি আব্দুল মালেক জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ইমামতি করবেন। ইসলাম কোনো রাজনৈতিক দলের নয়; ইসলাম আল্লাহর, তৌহিদে বিশ্বাসী মানুষের এবং সব মুসলমানের।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আদর্শ এবং কওমি আলেমদের একাংশের দলটির সঙ্গে রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার সমালোচনা করেন মুফতি আব্দুল মালেক। তাঁর এ বক্তব্যের সমালোচনায় মুখর হয়ে উঠেন জামায়াতপন্থীরা। তাদের কেউ কেউ মুফতি আব্দুল মালেকের অপসারণও দাবি করেন। জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায়ের ডাকও দেন কেউ কেউ।

তবে মুফতি আব্দুল মালেকের পক্ষ নেন বিএনপিসহ বেশির ভাগ ইসলামি দলের নেতাকর্মীরা।

Exit mobile version