
অদ্য ২৪ সেপ্টেম্বর ২৬( বৃহস্পতিবার) বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডি (পি) কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। প্রধান অতিথি উক্ত কোর্সে উত্তীর্ণ সকল কর্মকর্তাগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক, বিমান সদরসহ অত্র ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI) এর প্রশিক্ষকগণ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, একই দিনে বিমান বাহিনী প্রধান কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI) ভবনের
‘সাইফুল আজম’ অডিটোরিয়াম এর নামফলক উন্মোচন করেন এবং বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর অপারেশনাল কার্যক্রম এর আওতায় নির্মাণাধীন বিভিন্ন সাইট সরেজমিনে পরিদর্শন করেন।

