
কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে খুলনায় ‘Speak Up, Stay Safe’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশন আয়োজন করেছে উইথ শী ফাউন্ডেশন।

গত ৯ নভেম্বর নগরীর মেট্রো পুলিশ লাইন হাই স্কুলে ৫০ জন ছাত্রীকে নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক 16 Days of Activism ক্যাম্পেইনকে সামনে রেখে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় সেশনটি আয়োজন করা হয়।
সেশনে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (MHM) এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের পাশাপাশি নিজেদের প্রশ্ন ও অভিজ্ঞতা তুলে ধরে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইথ শী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান সৈকত। সেশন পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মারিয়া আক্তার ও নির্বাহী সদস্য সাবরিনা আক্তার শান্তা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করার আহ্বান জানান। সেশন শেষে তিনি কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতা শোনেন।
আয়োজনের বিশেষ দিক ছিল পরিবেশবান্ধব ব্যবস্থাপনা। প্লাস্টিকের পিভিসি ব্যানারের পরিবর্তে কাপড়ের ব্যানার ব্যবহার, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব বাঁশের টুথব্রাশ উপহার এবং ঘরে তৈরি খাবার পরিবেশনের মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা তুলে ধরা হয়।
আয়োজনটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইভেন্ট লিড মৌমিতা গাঙ্গুলি মৌ এবং স্বেচ্ছাসেবক আরিনা সুলতানা লিরা, সাদিয়া আফরিন, সুমাইয়া শিমু ও শাহিন সিরাজ।
উইথ শী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা, নিরাপদ আচরণে উৎসাহিত করা এবং নির্ভয়ে কথা বলার পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উইথ শী ফাউন্ডেশনের আয়োজনে, রেডঅরেঞ্জ গ্রুপের সহযোগিতায় এবং অ্যামপ্লিফাইচেঞ্জের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

