
নিজস্ব প্রতিনিধি:
রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ যেখানে নিত্যদিনের ঘটনা, সেখানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে তিনি দেখিয়েছেন বিরল দায়বদ্ধতা।
নির্বাচনের আগে শাখরা-কোমরপুর এলাকার ভেঙে পড়া ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে ফলাফল বিপক্ষে গেলেও সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াননি। বরং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্রিজ সংস্কারের জন্য ৬ লক্ষ ৫৩ হাজার টাকার বরাদ্দ নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত এই ব্রিজটি এলাকাবাসীর জন্য ছিল দুর্ভোগের কারণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো স্থানীয়দের। সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সংস্কার কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে একজন পরাজিত প্রার্থীর উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সরেজমিনে ব্রিজ এলাকা পরিদর্শনে গিয়ে আব্দুর রউফ বলেন, “নির্বাচনে হার-জিত থাকতেই পারে, কিন্তু মানুষের সঙ্গে করা ওয়াদা ভাঙার প্রশ্নই আসে না। আমি ছিলাম, আছি এবং থাকব।” তার এই বক্তব্যে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এটি একটি ইতিবাচক ব্যতিক্রম। নির্বাচন শেষে অনেক নেতার কার্যক্রম স্তিমিত হয়ে গেলেও আব্দুর রউফের এই উদ্যোগ প্রমাণ করে, সদিচ্ছা থাকলে ক্ষমতা ছাড়াও জনগণের কল্যাণে কাজ করা সম্ভব।
এলাকাবাসীরা জানান, “ভোটে জিতুক বা হারুক, এমন নেতা আমাদের দরকার—যিনি কথা রাখেন।” তারা দ্রুত সংস্কার কাজ শুরু করে দীর্ঘদিনের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ঠিকাদারের মাধ্যমে ব্রিজটির সংস্কার কাজ শুরু হবে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ শুধু একটি ব্রিজেই সীমাবদ্ধ থাকে, নাকি এটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে।

