
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক আসামীসহ প্রায় ৩৬ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, কলারোয়া উপজেলা ও সাতক্ষীরা সদর উপজেলা-এর সুলতানপুর, চান্দুরিয়া, কাকডাঙ্গা, মাদরা ও ভোমরা বিওপি এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে সুলতানপুর এলাকায় ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, চান্দুরিয়া এলাকায় ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কাকডাঙ্গা এলাকায় ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ এবং মাদরা এলাকায় ১৩ হাজার ৫০০ টাকার আগরবাতি জব্দ করা হয়।
এছাড়া ভোমরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। এসময় এক বাংলাদেশি আসামীকে আটক করা হয়।
আটককৃত আসামী ও জব্দকৃত চিংড়ির রেনু পোনা সাতক্ষীরা সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করাচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিজিবির এ ধরনের অভিযান স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। তারা চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

