
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৬৪ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি জানান, আজ বিকেলে এক বিশেষ অভিযানে ইয়াবা জব্দসহ আটক করা হয়।
আটক গোফুর (৩১) উখিয়ার আনজুমানপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আজ বিকেল এক ব্যক্তিকে নৌকাযোগে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কেওড়া বাগানের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তার নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় বন্দুক এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, মায়ানমার থেকে ইয়াবা ও অস্ত্র এনে দেশে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব বহন করছিলেন।
বিজিবির এক কর্মকর্তা আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

