
কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ভুক্তভোগীদের হাতে তাদের প্রিয় ফোনগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়াসহ অন্যন্য পুলিশ সদস্যরা।
জেলা পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর প্রেক্ষিতে করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে জেলা পুলিশ নিয়মিত কাজ করে আসছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় এক মাসে কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০টি মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
এদিকে দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, হারিয়ে যাওয়া ফোন গুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।
এসময় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যস্ততা সত্ত্বেও আমরা মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সব ফোন উদ্ধার করা সবসময় সম্ভব না হলেও পুলিশ এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে এবং আগামীতেও এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এমন কর্মদক্ষতা দেখে আশ্বস্ত হয়ে ভবিষ্যতে এরকম অভিযান চলমান রাখার জন্য কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম জেলা পুলিশকে আহ্বান জানান।

