প্রেস বিজ্ঞপ্তি: সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বসতবাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনায় “সিদ্ধিরগঞ্জে রাজনীতির আড়ালে ভয়ঙ্কর নেতা” শীর্ষক শিরোনামের সংবাদে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফাকে জড়িয়ে সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল’ নামের একটি অনলাইন ও সময়ের নারায়ণগঞ্জ নামে সংবাদমাধ্যমের বিরুদ্ধে। প্রকাশিত সংবাদে মামলার আসামিদের সঙ্গে টিএইচ তোফার ছবি সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সংশ্লিষ্টদের দাবি, বসতবাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে টিএইচ তোফার কোনো সম্পৃক্ততা নেই। বরং তিনি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। অথচ ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি তাদের।
গত সোমবার (২৪ নভেম্বর) ভোররাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের একটি বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ঘটনার সঙ্গে টিএইচ তোফার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মামলার বাদী মোসা. সুলতানা। তিনি বলেন, “বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় টিএইচ তোফা জড়িত নন। তোফা ভাই আমাদের সহযোগিতা করছেন। তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন। তার ছবি আসামিদের সঙ্গে সংযুক্ত করে কে বা কারা সংবাদ প্রকাশ করেছে, তা আমরা জানি না।”
প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টিএইচ তোফা। তিনি বলেন, সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী কোনো সংবাদ প্রকাশের আগে ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া জরুরি। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
টিএইচ তোফা আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের কমিটিতে রবিন নামে কোনো ব্যক্তি নেই। রবিন নামে ওই ব্যক্তি শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদকও নন।”
সংশ্লিষ্টরা আরও বলেন, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হবে। তবে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কাউকে অপরাধের সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।
এ ঘটনায় প্রকাশিত সংবাদটি সংশোধন করে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।



