আজ বুধবার, নভেম্বর ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং গ্রামীণ ব্যাংকের অন্তত ১০০টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী কেরি কেনেডি।

তিনি দাবি করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের উসকানিতে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় চারজন প্রাণ হারিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেরি কেনেডি বলেন, নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ নারীদের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক অধিকারকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব কার্যালয় পুড়িয়ে দেওয়ার ফলে দেশের সবচেয়ে অসহায় ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর লাখো মানুষের আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ছাড়া গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে পোস্টে উল্লেখ করেন কেরি কেনেডি।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন একটি সময়ে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

দেশের মানুষের অধিকার সুরক্ষিত রাখতে এবং ভবিষ্যৎ বিনির্মাণে সত্য উদ্‌ঘাটন, পারস্পরিক পুনর্মিলন ও ন্যায়বিচারের ভিত্তি তৈরি করা জরুরি।

কেরি কেনেডি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার ওই পোস্টে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি নিবন্ধের লিংকও সংযুক্ত করা হয়েছে।

Exit mobile version