
স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে এমপি মান্নান বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তায় তাৎক্ষণিক পুলিশ মোতায়েন এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সার্বক্ষণিক নজর রাখার নির্দেশ দেন।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারটি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে রবিন, স্বর্ণকার শাহিন, সজিব, সাবেক ছাত্রদল নেতা কাদির, মাহবুব, জিহাদ, সবুজ, পেয়ার আলী ও বিল্লালসহ শতাধিক লোক এ হামলা চালায়। পরে এমপির উপস্থিতিতেই হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জয়নাল আবেদীনের আধাপাকা বাড়িটি ভোর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা ও লুটপাট চালানো হয়।

