
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে একজন কনস্টেবল মারা গেছেন।”
নিহত পুলিশ সদস্যের নাম আনোয়ার হোসেন। ৩২ বছরের আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তবে, একইসঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে, তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ কর্মকর্তা তারেক বলেন, তারা ঘটনাস্থলে আছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
“হাশেমবাগ এলাকাটিতে মাদকের একাধিক স্পট আছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে। হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।”
চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগে তদন্তে গিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশ উপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
ওই অভিযুক্তদের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল পুলিশ।

