চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি পর্যায়ে তেল শোধনাগার (রিফাইনারি) স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুসারে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসিকে রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত প্রতিপালন করতে হবে।
অনুমোদনের শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত সব আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করতে হবে। এ ছাড়া সব কার্যক্রমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৬, পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও পেট্রোলিয়াম বিধিমালা, ১৯৭৪ অনুসরণ করতে হবে।
রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশসংক্রান্ত সব আইন ও বিধিবিধান প্রতিপালনের বাধ্যবাধকতাও রয়েছে। প্রাথমিক অনুমতিপত্র পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে।
এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রিফাইনারি স্থাপনের যাবতীয় কার্যক্রম শেষ করার পর, চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এছাড়া রিফাইনারিতে উৎপাদিত সব পণ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে সরবরাহ করতে হবে। এ শর্তও প্রাথমিক অনুমোদনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আদেশের অনুলিপি বিপিসির চেয়ারম্যানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।



