আজ শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ খ্রিস্টাব্দ

 

স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির সময় জাহিদ (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের সময় সুমিলপাড়া বিহারী ক্যাম্প বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আটক মাদক ব্যবসায়ী জাহিদ সুমিলপাড়া বিহারি কলোনি এলাকার মো. জামিল মিয়ার ছেলে। মনির হোসেন জানান, নামাজের ঠিক আগ মুহূর্তে সবাই যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই চোখের সামনে চলছিল মাদকের কারবার। দায়িত্ববোধ থেকে তিনি একাই ধাওয়া করে একজনকে ধরে ফেলেন, যদিও ২-৩ জন পালিয়ে যায়। আটক জাহিদের কাছ থেকে আনুমানিক ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নামাজে যাওয়ায় সঙ্গে মোবাইল ফোন না থাকায় তিনি নিজেই তাকে থানায় সোপর্দ করেন।তিনি বলেন, বিহারী ক্যাম্প, সুমিলপাড়া ও আইলপাড়া এখন মাদকের অন্যতম হটস্পট। তাঁর ভাষ্য, বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরাই এখন পাড়ায় পাড়ায় মাদক বিক্রি করছে এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারবার চালিয়ে যাচ্ছে।
মনির হোসেন আরও বলেন, মাদক শুধু একটি জীবন নয়, একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তাই কেবল পুলিশের ওপর নির্ভর না করে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহিদ দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশ এলাকায় মাদক বেচাকেনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাঁকে আদালতে পাঠানোর হয়েছে ।

Exit mobile version