২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্রীদের পেছনে ফেলেছে ছাত্ররা। ১১টি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন। তাদের মধ্যে পাশ করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। ছাত্রদের পাশের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। ছাত্রীদের পাশের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।
অর্থাৎ পাশের হারে ছাত্রদের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে ছাত্রীরা।
তবে জিপিএ-৫ অর্জনের চিত্রে দেখা গেছে ভিন্নতা। এ বছর ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিপরীতে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৭২১ জন। অর্থাৎ সর্বোচ্চ ফল অর্জনে ছাত্ররা ছাত্রীদের চেয়ে ৬৪২ জন এগিয়ে রয়েছে।
এদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণ নম্বরে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও এবার ৫২তম দিনে ফল প্রকাশ করা হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রকাশিত ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে পাওয়া যাচ্ছে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে। পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০ (16140)-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।
খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে ১৬১৪০ (16140) নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

