
শ্রীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুল সামাদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার (৩৪) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে পারিবারিক বিষয় নিয়ে আব্দুল সামাদের সঙ্গে তাঁর ছেলে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার লাঠি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আব্দুল সামাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

