বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের অনেকে দায়িত্ব পালন করছেন ৩৫ বছর ধরে। অনেকে এসব পদে রয়েছেন ২০ থেকে ২৫ বছর। ফলে দীর্ঘদিন ধরেই শীর্ষ পদে আসেনি নতুন নেতৃত্ব। এর ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতৃত্বে নজিরবিহীন সংকটের বিষয়টি সামনে এসেছে। দীর্ঘদিন একই ব্যক্তির এভাবে দায়িত্বে থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে কুমিল্লা মহানগর কমিটি ঘিরে সাম্প্রতিক সহিংসতায়।
বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা তথ্যে দেখা গেছে, সারা দেশে জেলা ও মহানগর মিলে জামায়াতের ৭৯টি সাংগঠনিক ইউনিট রয়েছে। এর মধ্যে ৪৩টি ইউনিটের খোঁজ নেওয়া হয়েছে।
একনাগাড়ে ১০ বছর বা এরও বেশি সময় ধরে আমির পদে কোনো পরিবর্তন নেই, এমন ইউনিটের সংখ্যা ১৯। ৫ থেকে ৯ বছর পর্যন্ত আমির পদে আছেন আরও ১১টি ইউনিটে। একটি জেলায় বিরতি দিয়ে ২২ বছর আমির পদ সামলাচ্ছেন এক নেতা।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির হিসেবে কাজী দ্বীন মোহাম্মদ ২৮ বছর দায়িত্ব পালন করেন। যা ১৪ অক্টোবর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। কমিটি নিয়ে সংঘর্ষের পর ১৬ অক্টোবর তাঁকে আমির পদ থেকে অব্যাহতি এবং কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি ও আমিরের পদ তিন বছর মেয়াদি। আর জেলা ও মহানগর কমিটির মেয়াদ দুই বছর। দুই ক্ষেত্রেই রুকনদের গোপন ভোটে আমির নির্বাচিত হন। সে কারণে জামায়াত তাদের নেতা নির্বাচনপদ্ধতিকে ‘সম্পূর্ণ গণতান্ত্রিক’ বলে অভিহিত করে।
তবে ভোটারদের সংখ্যা, প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং প্রতিদ্বন্দ্বিতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না দলটি। ফলে দীর্ঘদিন একই ব্যক্তির নেতৃত্বে থাকার কারণ ও নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা কতটা কার্যকর, তা স্পষ্ট নয়।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির সৈয়দ মো. আবদুল মোমেন ১৯৯৮ সাল থেকে টানা প্রায় ২৮ বছর ধরে আমিরের পদে আছেন।
লক্ষ্মীপুরে রুহুল আমীন ভূঁইয়া ২৩ বছর। ঝালকাঠিতে হাফিজুর রহমান ২২ বছর। জয়পুরহাটে ফজলুর রহমান সাঈদ ২০ বছর। রাজবাড়ীর আমির নুরুল ইসলাম ২০০৯ সালে থেকে আছেন। এর আগে দুই বছর ভারপ্রাপ্ত আমির এবং তিন বছর জেলা সেক্রেটারি ছিলেন তিনি। সব মিলিয়ে আমির পদে তিনি আছেন ১৯ বছর ধরে।
খুলনা জেলা জামায়াতের আমির এমরান হুসাইন ১৮ বছর। বরিশালের আবদুল জব্বার ১৭ বছর। বান্দরবানের এস এম আবদুস সালাম আজাদ আছেন ১৬ বছর ধরে। রাঙামাটির আবদুল আলিম জেলা আমির পদে আছেন ১৬ বছর ধরে।
সিরাজগঞ্জে শাহীনুর আলম ১৪ বছর। গাজীপুরে জাহাঙ্গীর আলম ১৩ বছর ধরে। বগুড়া জেলা ও মহানগর এবং ময়মনসিংহ জেলা ও মহানগর আমির পদে একই ব্যক্তিরা আছেন ১১ বছর ধরে। টাঙ্গাইল, মেহেরপুর ও পাবনার বর্তমান আমিরদের দায়িত্বকাল ১০ বছর চলছে।
কুড়িগ্রামের মো. আজিজুর রহমান ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ২২ বছর আমির ছিলেন।
জেলা আমিরদের মধ্যে পাঁচজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন। তাঁরা হলেন নড়াইলের আতাউর রহমান, চুয়াডাঙ্গার মো. রুহুল আমিন, মেহেরপুরের মো. তাজউদ্দীন খান, ঝিনাইদহের আলী আজম মো. আবুবকর ও পাবনার অধ্যাপক আবু তালেব মণ্ডল।



