
মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের মেধা, সাহস এবং বুদ্ধিমত্তার বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
তিনি বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও সাহসের পরিচয় বহন করে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষের যোগ্যতা ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সমাজের কল্যাণে সম্পৃক্ত করতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রনি বলেন, “আমরা যে খেলাটি উপভোগ করছি, এটি একটি বুদ্ধিমত্তার খেলা। এই খেলার মাধ্যমে একজন মানুষ তার সাহস, বিচক্ষণতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন। সমাজকে মাদকমুক্ত করতে এবং একটি সুন্দর সমাজ গড়তে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।”
তিনি আরও বলেন, খেলায় স্বপ্নের নারায়ণগঞ্জের একজন সাংগঠনিক ভাইয়ের একসঙ্গে তিনজন প্রতিপক্ষকে মোকাবিলা করার বিষয়টি সাহস ও কৌশলের পরিচয় দেয়। দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যে সাহস ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তার সঙ্গে খেলাধুলার এই গুণগুলোর মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও পরিকল্পনার কথা তুলে ধরে রনি বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে সমাজের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যারা সমাজের উন্নয়ন নিয়ে ভাবেন এবং মানুষের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত অর্থে সমাজ গঠনে ভূমিকা রাখেন।
স্বপ্নের নারায়ণগঞ্জের সভাপতি সাহেদ আহমেদের প্রশংসা করে জেলা যুবদলের এই নেতা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। ছাত্রদলকে শক্তিশালী করতে রাজপথে কাজ করেছেন। মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর আহ্বানে তিনি সব সময় রাজপথে সক্রিয় থেকেছেন বলেও উল্লেখ করেন রনি।
তিনি বলেন, “প্রত্যেক মা-বাবাই চান, তাঁদের সন্তান সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠুক। কেউ চান তাঁর সন্তান ডাক্তার হোক, কেউ চান ভালো খেলোয়াড় হোক, আবার কেউ চান সচিব হোক। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি সমাজ গঠন করা, যেখানে তরুণেরা নিজেদের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।”
স্বপ্নের নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান ও বিএনপি নেতা হাজী কামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগর, মিনহাজ মিঠু, বাদশা খান, আশিকুর রহমান অনি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আসলাম মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

