
হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা ও কল্যাণে বিএনপি সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেন, “বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী।
হিন্দু-মুসলমানের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের বিপদে-আপদে অতীতেও পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকব।”
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সজল বলেন, “এখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন ধরে এ দেশে বসবাস করছেন। আপনারা এ দেশের নাগরিক, এ রাষ্ট্রে আপনাদেরও সমান অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই। একজন মুসলমানের সন্তান হিসেবে রাষ্ট্রের কাছ থেকে যেসব অধিকার ভোগ করার সুযোগ আমার রয়েছে, একইভাবে আপনাদেরও সেই অধিকার রয়েছে। আপনারা ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন, যা প্রমাণ করে আপনারাও বিএনপিকে ভালোবাসেন।”
পূজা উদযাপন ফ্রন্টকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়ে যুবদলের এই নেতা বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রয়োজনে ও বিপদে-আপদে পাশে দাঁড়াতে পূজা উদযাপন ফ্রন্টকে সারা দেশে আরও শক্তিশালী করতে হবে। সংগঠনটি শক্তিশালী হলে মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অর্পণা রায় দাস।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক মিঠুন মোদক, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

