আজ শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বেগমপুরে একটি ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল, কর্মচারীদের মারধর, মালামাল লুটপাট এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. সাব্বির হোসেন (২৩) বাদী হয়ে জয়দেবপুর থানায় এই অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মো. সাব্বির হোসেন এবং তার ব্যবসায়িক পার্টনাররা মিলে জয়দেবপুর থানাধীন বেগমপুর ও নৌলা পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ‘একতা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সুনামের সাথে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তাদের ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় ফারুক হোসেন (৪৫), সুমন খাঁন (৩৪), মোমেন খাঁন (২৮), মামুন হোসেন (৩৬) এবং মো. আমজাদ হোসেনসহ (২৭) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি তাদের ব্যবসা জোরপূর্বক দখলের পাঁয়তারা শুরু করে।
বাদীর অভিযোগ, বিবাদীরা এলাকায় ইন্টারনেট ব্যবসা করার বিনিময়ে তাদের কাছে নগদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল চুরি করে এবং কর্মচারীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।
সর্বশেষ গত ৫ তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় বেগমপুর এলাকায় বিবাদীরা লাঠিসোঁটাসহ অতর্কিত হামলা চালায়। এতে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী গুরুতর আহত হন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের মালামাল জোরপূর্বক লুট করে নিয়ে যায়। এছাড়া ইন্টারনেট ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ী সাব্বির অভিযোগ করে বলেন,রাতের আধারে সুমন সহ তার সহযোগীরা আমাদের বৈধ নেটের লাইন কেটে দেয়। পরে আমরা সংযোগ দিতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের তাড়া করে। আমরা এখন জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারছি না।
অভিযোগ পেয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জয়দেবপুর থানা পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

Exit mobile version