পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে দেশটির সরকারের আচরণ দেখে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে পা রাখেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন তিনি। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন।
এবার ইমরানের পক্ষে সোচ্চার হলেন রবি শাস্ত্রি। রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক কোচ বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির কথায়, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।
ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি। তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের দক্ষতা ছিল অসাধারণ বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল, সে কথাও স্মরণ করেন তিনি।
ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন যে তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হিসেবে ইমরানের প্রতি আরও মানবিক আচরণ প্রত্যাশা করেন শাস্ত্রি।
পাকিস্তান সরকার কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার এবং তাকে পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
ইমরান খান পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে এখনো অমলিন তার অবস্থান।


