নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে সংখ্যালঘু হিসেবে নয়, সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার নিয়ে বসবাস করতে হবে। বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের কালীবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের কারণে সাধারণ মানুষের পাশে সেভাবে দাঁড়ানো সম্ভব হয়নি। অতীতে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে। বিএনপির নেতাকর্মীরা সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে।
মনিরুল ইসলাম সজল বলেন, একটি মহল নাশকতা ও নির্যাতনের পরিকল্পনা করলেও বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করতে মাঠে ছিল। দলীয় নেতৃত্বের নির্দেশনা ছিল—বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর যেন কোনো ধরনের আঘাত না আসে। সেই দায়িত্ব নেতাকর্মীরা পালন করেছেন।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেছেন, আমরা সবাই বাংলাদেশি। রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার সবার সমান। তাই কাউকে নিজেকে সংখ্যালঘু মনে করে কষ্ট পাওয়ার প্রয়োজন নেই।
দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানানো হলে তারা দায়িত্বশীলতার সঙ্গে পাশে থাকবেন।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সজল বলেন, তিনি বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেজন্য তার জন্য সবার দোয়া কামনা করেন।
সজল বলেন, বিএনপি এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে—এটাই তাদের প্রত্যাশা।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।



