আজ মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে এক তরুণীকে (২০) অপহরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বাপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণীর বাবা।

লিখিত অভিযোগে তরুণীর বাবা উল্লেখ করেন, বাপন তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। বর্তমানে তিনি মেয়ের কোনো খোঁজখবর পাচ্ছেন না।

অভিযুক্ত ছাত্রদল নেতা তোফাজ্জুল হক বাপন উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়ার ছেলে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল বলেন, বাপনের বিরুদ্ধে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের এক তরুণীকে অপহরণের অভিযোগের ভিত্তিতে রোববার থানায় মামলা নেওয়া হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, ‘বাপনের চলাফেরা ভালো না হওয়ায় এক বছর আগেই তাকে মৌখিকভাবে সংগঠন থেকে দূরে থাকতে বলা হয়েছিল। গতকালই শুনতে পেরেছি, তার বিরুদ্ধে থানায় এক মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানার পরপরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে।’

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ‘শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাপন সক্রিয় না থাকায় মৌখিকভাবে তাকে আগেই বহিষ্কার করা হয়েছিল। এখন তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ হয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। যেহেতু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে, তাকে সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হবে।’

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম জানান, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে খোঁজখবর নিয়ে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version