আজ মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরায় নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের সোনালী পেট্রোল পাম্পের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
বক্তব্যে আব্দুর রউফ বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনে তিনি পরাজিত হলেও তাঁর দল ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরার উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। অবহেলিত সাতক্ষীরার উন্নয়নের জন্য বিভিন্ন খাতের প্রয়োজনীয়তার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এবং পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, যুবদল ও ছাত্রদল বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামের অন্যতম শক্তি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-সিয়াম।
সংবর্ধিত নেতারা তাঁদের সংবর্ধনা দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তাঁরা আগামী দিনেও আলহাজ্ব মো. আব্দুর রউফকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি জেলা যুবদল ও ছাত্রদল তাঁর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহসভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে.এম. দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম।
আলোচনা সভা শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষ থেকে নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, ভোমরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগার আলী, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক শেখ মামুন উর রশিদসহ জেলা যুবদল, জেলা ছাত্রদল ও আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version