আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নবনিযুক্ত ২৩ জন সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২:০০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পরিদর্শনের অংশ হিসেবে ডিএমপির কার্যক্রমের ওপর আয়োজিত একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন ও ব্রিফিংয়ে অংশ নেন তারা।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক অপরাধ চিত্র, মাঠপর্যায়ের অপারেশনাল কার্যক্রম এবং এর আওতাধীন সকল ইউনিটের পরিচিতি নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার।

এসময় অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম; এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম সহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসএফ-এর নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় এসএসএফ ও ডিএমপির ভূমিকা পরস্পরের পরিপূরক। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বদের নিরাপত্তায় এসএসএফ-এর পেশাদারিত্ব ও দক্ষতা সর্বজনবিদিত। ডিএমপিতে নবনিযুক্ত সদস্যদের এই সফর দুই বাহিনীর পেশাগত সম্পর্ক ও ভবিষ্যৎ কাজের সমন্বয়কে আরও সুদৃঢ় ও কার্যকরী করবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত এসএসএফ সদস্যদের দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তাদের সুন্দর ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

Exit mobile version