
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনারগাঁও জাদুঘর ১ নম্বর গেটের সামনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন ও সুজন—সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক কর্মী,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন,সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই এর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে সম্প্রতি ঐতিহাসিক স্থাপনাটিতে কোক স্টুডিও বাংলার শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টিও তদন্তের দাবি জানান তারা মানববন্ধনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন,সোনারগাঁও বাংলার ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি জাতীয় প্রত্নসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর শুটিংয়ের জন্য স্থাপনাটি মাত্র ছয় লাখ টাকায় ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে—এমন তথ্য ও অভিযোগ তাদের কাছে এসেছে। তিনি অভিযোগ করেন,চার দিন ধরে চলা শুটিংয়ে ভারী লাইটিং, জেনারেটর ও বিভিন্ন শুটিং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। স্থাপনার দেয়ালে গজাল ও রড ব্যবহারের অভিযোগও রয়েছে। শুটিং শেষে বাড়িটির বিভিন্ন স্থানে দেয়াল ও স্থাপনার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন,দৃশ্যমান ক্ষতির পাশাপাশি স্থাপনাটির কাঠামোগত কোনো ক্ষতি হয়েছে কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন।শাহেদ কায়েস আরো বলেন,বড় সরদার বাড়ি সংরক্ষণ ও পুনরুদ্ধারে অতীতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এমন একটি ঐতিহাসিক স্থাপনা কীভাবে মাত্র ছয় লাখ টাকার বিনিময়ে বাণিজ্যিক শুটিংয়ের জন্য ব্যবহারের অনুমতি পেল,সেটি তদন্ত হওয়া প্রয়োজন।তার দাবি,শুটিংয়ের আগে স্থাপত্য বিশেষজ্ঞরা ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের স্থাপনাটির ভেতরে শুটিং না করার পরামর্শ দিয়েছিলেন। এরপরও শুটিং হয়ে থাকলে অনুমতি দেওয়ার প্রক্রিয়া,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং নির্ধারিত শর্তগুলো তদন্তের আওতায় আনা উচিত।তিনি বলেন,বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের বিরুদ্ধে ওঠা অন্যান্য অনিয়মের অভিযোগও স্বাধীনভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন,বড় সরদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মাত্র ছয় লাখ টাকার বিনিময়ে ঐতিহাসিক স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়া হয়ে থাকলে এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।।মানববন্ধনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসর সভাপতিত্বে সুজন সোনারগাঁও শাখার সধারন সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি,সংগঠনের সহসভাপতি কবি রহমান মুজিব,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সুজন- সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন ।

