আজ রবিবার, আগস্ট ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

 

আহসানুল হাবিব সোহাগ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। ‎এ ঘটনায় রাতেই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। শনিবার ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক দুইজন হলেন- সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার মো. আব্দুল্লাহ (২৪) এবং নাইম হেসেন (২৫)।

‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এসময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং সহকারী উপ-পরিদর্শক স্বপনের মাথায় ও হাতে রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়াও কনস্টেবল আবু হানিফও আহত হন।

‎‎পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়ে এবং রড দিয়ে আঘাত করে।’

‎‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘ এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে, পরোয়ানাভুক্ত ওই আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।’

Exit mobile version