সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৩ পুলিশ
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৬
আহসানুল হাবিব সোহাগ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ ঘটনায় রাতেই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। শনিবার ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক দুইজন হলেন- সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার মো. আব্দুল্লাহ (২৪) এবং নাইম হেসেন (২৫)।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এসময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং সহকারী উপ-পরিদর্শক স্বপনের মাথায় ও হাতে রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়াও কনস্টেবল আবু হানিফও আহত হন।
পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, 'হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়ে এবং রড দিয়ে আঘাত করে।'
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘ এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে, পরোয়ানাভুক্ত ওই আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।'
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com