
চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল ওহাব (৪৫), কামাল (৪০) ও শোভন (৩৫)।
স্থানীয়রা জানান, শাহরাস্তির বানিয়াচোঁ এলাকায় ঢাকাগামী ‘আল-আরাফাহ’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টি সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘ওভারটেকিংয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।’

