তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ – এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর হাতে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।সম্মাননা স্মারক ও সার্টিফিকেট টি তুলে দেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলাকে প্রশংসাপত্র প্রদান করা হয়।
প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, জেলার সদর উপজেলা ২০২৫-২০২৬ বছরে নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে। পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে এ উপজেলার সাফল্য প্রশংসাযোগ্য।
এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, এ উপজেলায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যোগ অন্যান্য উপজেলায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদেরও অনুপ্রাণিত করবে।
প্রশংসাপত্রে স্বাক্ষর করেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, একটি সুস্থ, কর্মক্ষম ও পরিকল্পিত জাতি গঠনে পরিবার পরিকল্পনা ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মানবসম্পদে রূপান্তর করতেই সরকারের এ উদ্যোগ।
তারা সদর উপজেলার এই সাফল্যকে জেলার অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



