
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে দৌড়াদৌড়ির মধ্যে কয়েকজন শ্রমিক আহত হন। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, গত বুধবার রাতের শিফটে কাজ করার সময় লিজা বেগম (৩৬) নামে এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ সেদিন সাধারণ ছুটি ঘোষণা করে শনিবার কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়।
শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলে কর্তৃপক্ষ নিহত শ্রমিকের স্মরণে শোক প্রকাশ ও দোয়ার আয়োজন করে। এ সময় কারখানার বাইরে একদল শ্রমিক প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিক্ষোভকারী শ্রমিকরা সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় আধাঘণ্টা মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) স্বপন কুমার বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

