আজ রবিবার, জুলাই ১৯, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়নের প্রধান শক্তি হচ্ছে শিক্ষার্থীরা। তাদের স্বপ্ন, সম্ভাবনা ও নৈতিক বিকাশের মাধ্যমে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। দেশের উন্নয়ন ও সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী সম্পৃক্ত রয়েছে এবং সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে। শিবির সমাজে আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ মানুষ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমাদের প্রত্যেকের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও সামাজিক দায়বদ্ধতার বিষয়েও সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, সাতক্ষীরা জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এবং শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমান এবং জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, আত্মগঠন ও নেতৃত্ব বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

Exit mobile version