রাজধানীতে মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২১ জুন) মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল করার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় বলেন, ‘ভোর থেকে আমরা আসাদগেট কলেজ গেট এলাকায় পাহারা দিচ্ছিলাম। কেউ মিছিল করতে এলেই তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করব।’
তিনি বলেন, ‘সকালের দিকে কলেজ গেটে কয়েকজন মিছিল বের করলে আমরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ‘আজকে কলেজ গেট এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।’
আটকদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।


