নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি আত্মসমর্পণ করেছেন। গত শুক্রবার রাতে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর নাম মহন তালুকদার (২৫)। বাড়ি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায়। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। গতকাল শনিবার মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, মহনকে কৌশলে হাজির করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ ডিসেম্বর দুপুরে শিশুটির মা কাজের জন্য বাড়ির বাইরে যান। এ সময় মহন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যা এবং দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখে। গত ১২ মার্চ সে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ধর্ষণের ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায় সে। পরদিন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর শিশুটির মা বাদী হয়ে গত ২৮ এপ্রিল মহনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন।
আদালত মোহনগঞ্জ থানায় অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ২ মে মহনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রেকর্ড করা হয়। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। শুক্রবার গভীর রাতে মহন থানায় হাজির হন। পরে গতকাল সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
শিশুকে ধর্ষণের পর আবার ধর্ষণচেষ্টা
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আল আমিন (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে আবারও ধর্ষণের চেষ্টা করেন আল আমিন। তিনি পেশায় মুদি দোকানি।
ভুক্তভোগীর মা গত শুক্রবার বিকেলে আল আমিনের বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ দেন। অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যায় শিশুটি। এ সময় কৌশলে একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনশেডের ঘরে নিয়ে ধর্ষণ করেন আল আমিন। এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেন। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে ওই ছাত্রীকে আবার ধর্ষণের চেষ্টা করেন। এ সময়ে ধস্তাধস্তি করে শিশুটি তার হাত থেকে ছাড়া পায়। পরে বাড়ি ফিরে মা-বাবার কাছে বিষয়টি জানায়।
ধর্ষণের শিকার তিন বছরের শিশু
বরিশালের গৌরনদী উপজেলায় জালাল শিকদার নামের (৬৫) এক ব্যক্তির বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনার পর থেকে জালাল পলাতক। জানা গেছে, মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বসতঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন জালাল।
স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি তাওহিদ ওরফে তাহারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ।
বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে আরিফ মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ওই নারী আরিফের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাঁকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারীর পরিবার গত সোমবার থানায় মামলা করে। শুক্রবার রাতে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্ষণচেষ্টার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কিশোরগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মানিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। তাঁকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন পুলিশের এক সদস্য। এ ছাড়া এলাকাবাসী আগুন জ্বালিয়ে আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে। গত শুক্রবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।


