নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসন বিষয়ে তিনটি পৃথক প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার ১৫ জুন সংসদের বাজেট অধিবেশনে তিনি এসব প্রশ্ন উত্থাপন করেন এমপি আব্দুল্লাহ আল আমিন।
প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টিহীনতা ও স্কুল ফিডিং কার্যক্রম বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি” বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও জানান, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের অবশিষ্ট উপজেলাগুলোতে “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি” চালুর প্রস্তাবও প্রক্রিয়াধীন রয়েছে।
বিদেশগামী কর্মীদের ভাষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার্থীদের একাধিক বিদেশি ভাষায় দক্ষতা অর্জন প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান ও মান্দারিনসহ তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ভাষা প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি করে ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, “সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫” কার্যক্রমের আওতায় শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সংসদে উত্থাপিত এসব প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও চলমান কার্যক্রম তুলে ধরা হয়।


