সুন্দরবনে কোর্স্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই বনদস্যুকে আটক ও অপহরণের শিকার তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) কোস্টগার্ড বেইজ মোংলাতে প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য সোহাগ ও বাবুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা এবং নগদ ১, ১০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের আস্তানাও ধ্বংস করা হয়।
আটককৃত সোহাগ (৩৫) বাগেরহাটের শরণখোলার এবং বাবুল (৪২) খুলনার পাইকগাছার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলো বলে জানায় কোস্ট গার্ড।
অপরদিকে, গত ৩১ শে মার্চ সুন্দরবনের হোগলডরা খাল এলাকা থেকে জোনাব বাহিনী কর্তৃক অপহৃত তিন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তারা হলেন, ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)। একই সঙ্গে একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি এবং একটি কুড়াল উদ্ধার করা হয়।



