নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কের তানভির ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
পাম্প কর্মীরা জানান, শনিবার দিবাগত রাত বারোটায় পাম্পে তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেন ট্রাকচালক।
সিসি ক্যামেরায় দেখা যায় রাত ২টা ১০ মিনিটে ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছুদূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের।
কর্মীরা জানান, রাত ১২টার দিকে সুজাত নামের ঐ ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এসময় তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাকবিতণ্ডা হয় তার। একপর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি।
স্বজনরা জানান, এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে, অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্যার বাড়িও নিহত নাহিদ সরদারের গ্রাম পেড়লিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গত জেলায় কয়েকদিন ধরেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা হয়।



