টানা ছুটি পেয়ে নাড়ির টানে গ্রামের বাড়িতে ছুটতে শুরু করেছে উত্তর-দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। পুলিশের এই উদ্যোগে যাত্রাপথে যেকোনো যান্ত্রিক সমস্যার দ্রুত সমাধান মিলবে বলে মনে করছেন তারা। ঈদকে ঘিরে উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে ২৪ ঘণ্টার ওয়ার্কশপ সেবা চালু করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও চালকেরা।
জানা যায়, ঈদযাত্রায় সড়কে কোনো যানবাহন হঠাৎ বিকল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিনামূল্যে মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। ফলে যাত্রাপথে দুর্ভোগ কমবে এবং দীর্ঘ যানজটের আশঙ্কাও অনেকাংশে হ্রাস পাবে। এছাড়াও ওয়ার্কশপগুলোতে রাখা হয়েছে ভলকানাইজিং সুবিধা, যাতে টায়ার সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা যায়। জরুরি পরিস্থিতিতে যানবাহনের জন্য জ্বালানি তেলের ব্যবস্থাও রাখা হয়েছে, যা যাত্রী ও চালকদের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে উঠেছে।
পুলিশের ব্যতিকর্মী সেবাকে উত্তরের যাত্রীরা স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগের ফলে ঈদযাত্রায় যানজট ও দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং যাত্রীদের যাত্রা হবে আরও নিরাপদ ও নির্বিঘ্ন।
চালকেরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, এই সেবায় অনেক ভালো হয়েছে। মহাসড়কে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ঠিক করা যাবে, ফলে সময় নষ্ট হবে না এবং যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত থাকবে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের প্রায় ১ হাজার ২০০ সদস্য নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে নির্দিষ্ট পয়েন্টে ৬৫০ জন সদস্য এবং তিনটি বিশেষ মোবাইল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ঈদের সময় মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগের ফলে ঈদযাত্রায় যানজট ও দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং যাত্রীদের যাত্রা হবে আরও নিরাপদ ও নির্বিঘ্ন।


