জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, “অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”


