আজ শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে জালিয়াতি করে নামজারি ও জোত সৃজনের গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উক্ত অফিসে কর্মরত মোঃ আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থের বিনিময়ে ভূমি সেবা প্রদানের জন্য একটি চক্রের সঙ্গে যোগসাজশে জড়িত।

সম্প্রতি শাহিনুর বেগম নামের এক ব্যক্তিকে নিয়ে এমন একটি ঘটনা আলোচনায় এসেছে। জানা যায়, গত ২০ জানুয়ারি, ২০২৬ তারিখে ১৩৮৩৬০৪১ নং আবেদনের প্রেক্ষিতে ৯৮৬৮/২৫-২৬ নং নামজারী প্রস্তাব দেন মোঃ আনোয়ার হোসেন। কিন্তু অভিযোগ, মৌজা রাজাবাড়ীর ২১৪৫ নং জোতে (খতিয়ানে) কোন জমি না থাকা সত্ত্বেও এই নামজারি ও জোত সৃজন করা হয়। অর্থাৎ, যে জমির অস্তিত্বই নেই, সেই জমির মালিকানা হস্তান্তর (নামজারি) করার প্রস্তাবনা তৈরি করে অফিসের এই কর্মকর্তা।

ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, এই কাজটি করা হয়েছে একটি সক্রিয় দালালচক্রের মাধ্যমে। এই চক্রের সদস্যরা হলেন— মোঃ রেজাউল, মোঃ ইকবাল হোসেন ও অর্পূব চন্দ্র দাস। অভিযোগে আরও বলা হয়, মোঃ আনোয়ার হোসেন অফিসের বাইরে ও ভিতরে এই দালালদের নিয়ে একটি সমান্তরাল ব্যবস্থা চালু রেখেছেন। তারা সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে এককভাবে চুক্তি করেন।

অভিযোগকারীরা জানান, এই চুক্তির টাকা পরিশোধ না করলে বা চাহিদা পূরণে ব্যর্থ হলে ওই কর্মকর্তা আবেদনপত্র নাকচ করে দেন এবং আগে থেকে করা নামজারি বা খাজনার হোল্ডিং জোত সমন্বয় বাতিল করে দেন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।

সবচেয়ে বড় প্রশ্ন, যে জোতের (খতিয়ানের) কোনো অস্তিত্বই নেই, সেখানে জমি দেখিয়ে নামজারি দেওয়া হলো কীভাবে এবং কাদের স্বার্থে? এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই দুর্নীতির সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Exit mobile version