আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলার আসামি আলীরাজ হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মোতালেব হত্যা মামলার এজাহারনামীয় আসামি আলীরাজ হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। ওই ঘটনায় আহত হন র‌্যাবের আরো তিন সদস্য।

ওই ঘটনার পর গত ২১ জানুয়ারি রাতে সীতাকুণ্ড থানায় মামলা করে র‌্যাব। মামলায় মোহাম্মদ ইয়াসিন, নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Exit mobile version