আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ‘পাশে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসী বসিয়ে’ পেশিশক্তি ও কালো-টাকা ছড়ানোর অভিযোগ করছেন বলে মন্তব্য করেছেন ইসলামিক ও সমমনা ১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গত ১৪ জানুয়ারি মুফতি মনির হোসাইন কাসেমী প্রেস ক্লাবে অপর এক মতবিনিময় সভায় ‘নির্বাচনী মাঠে পেশিশক্তি ও কালো-টাকা ছড়ানোর’ শঙ্কা প্রকাশ করেন। এ ধরনের শঙ্কা এনসিপিরও আছে কিনা জানতে চাইলে আব্দুল্লাহ আল আমিন বলেন, “বিগত দিনে বিএনপি জোটের প্রার্থী কথা বলেছেন, অন্যান্য প্রার্থীরাও কথা বলেছেন। আমরা শুধু মুখেই এই কথা শুনতে চাই না।”
“যিনি পেশিশক্তি বা কালো-টাকার ছড়াছড়ি দেখতে পাচ্ছেন, ওনার আশেপাশেই এমন লোকজন বসে থাকতেছে, যাকে তার জোটের লোকজনই বলতেছে- চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত গডফাদার, চিহ্নিত সন্ত্রাসী। এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে চাই না। মুখে বলবো একটা, কাজে করবো আরেকটা- এই রাজনীতি থেকে বেরিয়ে আসতেই তরুণ প্রজন্মের আমরা রাজনীতিতে এসেছি।”
এনসিপির এ প্রার্থীর অভিযোগ, পোশাক কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিকেও বিএনপি জোটের প্রার্থীর পাশে বসা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান চান বলেও মন্তব্য আব্দুল্লাহ আল আমিনের।
সাধারণ ভোটারদের ‘বাড়িতে-বাড়িতে গিয়ে হুমকি’ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলে আল আমিন আরও বলেন, “আমরা দশ দলীয় জোট ঐক্যবদ্ধ। কোনো কালো টাকার কাছে আমরা মাথা নত করবো না। সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো প্রটেকশন আমরা আগেও দেইনি, আগামীতেও দেবো না।”
সাধারণ ভোটাররা ভোট নিয়ে উৎফুল্ল থাকলেও সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিয়ে তাদের শঙ্কা রয়েছে বলেও জানান এ সংসদ সদস্য প্রার্থী।


