মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে আটুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান। সমাবেশে বক্তারা দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।



