মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর থানাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানাধীন নেহালপুর এলাকায় বেতনা নদী খনন প্রকল্পের মাটি ও বালু হাজীখালী (গেট) থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীর থেকে অবৈধভাবে উত্তোলন করছিল একটি চক্র। এ বিষয়ে খবর পেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), সাতক্ষীরা সদর শাখা-৩-এর উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
পরে তিনি তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করলে ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ৯টা ০০ মিনিটে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের সময় মাটি ভর্তি একটি ট্রলিসহ কেসমত আলী নামে একজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ ঘটনার সংবাদ পেয়ে একই দিন সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বেআইনিভাবে সংঘবদ্ধ জনতা ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে আটককৃত আসামি কেসমত আলী ও মাটি ভর্তি ট্রলিটি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি রহমত (৪৩), মোঃ আশিকুজ্জামান (২৫) ও মোঃ ইমদাদুল ইসলাম (২৭)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি সাতক্ষীরা সদরের ধুলিহর (সানাপাড়া) এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


