আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি অভিযানে আসামিদের গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করে। তবে মূল আসামি ‘বোম রহমান’ এখনো পলাতক।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল বংশাল এলাকায় গোপনে লুকিয়ে রাখা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে অস্ত্রটির অবস্থান বংশাল থানার সিককাটুলী এলাকার একটি বাসস্থানে বলে জানা যায়।

পরে সিককাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে রহমান নামক এক ব্যক্তির বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বংশাল থানা জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি বংশাল থানা থেকেই লুট করা হয়েছিল।

বোম রহমান ওরফে আব্দুর রহমান বিএনপি বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং ঢাকা-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হামিদের সহযোগী হিসেবে পরিচিত বলেও নিশ্চিত করে থানা কর্তৃপক্ষ।

এছাড়া একই অভিযানে এলাকার আরেক বাসিন্দা সামিরের বাসা থেকে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করে সেনাবাহিনী।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Exit mobile version