সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ হয়ে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।শনিবার ভোর সাড়ে ৪টায় কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় আজিজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আলাউদ্দিন (৩৫),তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪),এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান,তার ভাই কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টে কাজ করতেন। শনিবার ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আলাউদ্দিন রুমে ঢুকতেই আগুনে ঝলসে যান। একই সময় ঘরে থাকা তার মা ও দুই মেয়েও আগুনে দগ্ধ হন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।তিনি ধারণা করছেন,ঘরে গ্যাস জমা ছিল। বিষ্ফোরন হওয়ার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশী শরিফ মিয়া জানান,মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়। ঘরে সম্ভবত গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা দদ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান জানান, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ইনস্টিটিউটের ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, আগুনে দগ্ধ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা দগ্ধদের হাসপাতালে নিয়ে গেছেন। তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


