
‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’-এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তার এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে পোস্টে তার ক্ষোভের কারণ কিংবা কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা বিস্তারিত উল্লেখ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে রুবেল চৌধুরী বলেন, “রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের ‘র’-এর এজেন্ট হিসাবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তার পদত্যাগ করা উচিত।”

