
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে জনাব জিনাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা), নোয়াখালীর সভাপতিত্বে জেলা প্রশাসন, নোয়াখালী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নোয়াখালীর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব, শিক্ষার প্রসার এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কাশেম, জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ), নোয়াখালী এবং জনাব ইসরাত নাসিমা হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সাক্ষরতার পাশাপাশি মানুষের মধ্যে নৈতিকতা, সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে।” তিনি শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

