
জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় কমিয়ে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করতে গণপূর্ত অধিদপ্তরকে বলা হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ-সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৈঠকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলের জন্যও পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ে সৌর প্যানেল বসানোর পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরে। এতে সংসদ সচিবালয়ের বিদ্যুতের মোট চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সৌর প্যানেল বসানোর উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়।
বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
তবে ডিপিডিসির তৈরি সৌরবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক মনে হয়নি। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে জরিপ সম্পন্ন করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর কমিটির পরবর্তী সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।
সভায় সংসদ ভবন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা ফারহান ফাইয়াজ খেলার মাঠের ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়েও আলোচনা হয়। মাঠটির বরাদ্দ, চুক্তি এবং এ-সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়গুলো যাচাই করতে একটি উপকমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এ উপকমিটিতে সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। পরবর্তী সভায় তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পার্লামেন্ট মেম্বার ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার করা চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে আপত্তি জানায় কমিটি। চুক্তিসহ বিষয়টি দ্রুত জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

