
নারায়ণগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জিসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি মো. সোহেল মাহমুদের নেতৃত্বে জিসাসের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়। পরে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে জিসাসের নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় পুরো র্যালিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মিছিল শেষে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জিসাসের নেতৃবৃন্দ জানান, বিএনপির ৪৮ বছরের দীর্ঘ রাজনৈতিক পথচলায় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন। ফটো সাংবাদিক নুর ইসলাম

