আজ রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িসহ পৃথক তিনটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দর্শনা পৌর শহরে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত স্লোগান দিতে দিতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহর পুরাতন বাজার এলাকার বাসার সামনে, দর্শনা শান্তিপাড়ায় বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনে এবং যুবদল কর্মী নাসিমের বাসায় পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন পুলিশ ফোর্স নিয়ে পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থলগুলো থেকে বোমার আলামত উদ্ধার করা হয়।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বলেন, গভীর রাতে ৬-৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে স্লোগান দিয়ে আমার বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা পৃথক ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন।

দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রাতেই পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।

Exit mobile version